ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি করায় ‘ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ওয়ানপ্লাস বাংলাদেশ। ওয়ানপ্লাস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ‘সুমাশ টেক’ (Sumash Tech)-এর স্বত্বাধিকারী আবু সাঈদ পিয়াসের মালিকানাধীন ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে তাদের কোনো ধরনের ব্যবসায়িক পার্টনারশিপ বা অ্যালায়েন্স নেই।

সম্প্রতি ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড এর ওয়েবসাইটে দাবি করে আসছিলেন যে, তাদের সঙ্গে ওয়ানপ্লাসের বিশেষ কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এমনকি তারা ওয়ানপ্লাসের নাম ব্যবহার করে ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও বিনিয়োগের বিষয়েও বিভিন্ন পক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়ানপ্লাসের মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষ বা খুচরা ব্যবসায়ীদের প্রতারিত করার এই অপচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে কোম্পানিটি। নিজেদের ব্র্যান্ড ইমেজ রক্ষায় ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে অনেক সময় ‘আন-অফিশিয়াল’ বা অবৈধভাবে আমদানিকৃত পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীরা বড় ব্র্যান্ডের ভুয়া নাম বা পার্টনারশিপের দোহাই দিয়ে থাকে। তাই যেকোনো স্মার্টফোন বা ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে সরাসরি ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ডিস্ট্রিবিউটরদের তালিকা যাচাই করে নেওয়া জরুরি।

The post ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্বের ভুয়া দাবি ডেক্সিম্পো ইন্টারন্যাশনালের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments